ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের দাবি জানিয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
গতকাল বেলা ১১টার দিকে সারাদেশে আওয়ামী লীগের কথিত নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
সমাবেশে ফজলে হুদা বাবুল বলেন, “গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য ভারত ব্যস্ত। তবে আমরা তাকে ফেরত চাই। ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে হস্তান্তর করতে হবে, যাতে দেশের প্রচলিত আইনে তার ফাঁসির রায় কার্যকর করা যায়।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ জিয়ার সৈনিকেরা সবাই ঐক্যবদ্ধ। এ দেশের মাটিতে কোনো সন্ত্রাসী বা আধিপত্যবাদের দোসরদের ঠাঁই দেওয়া হবে না। দেশের মানুষ বুঝে গেছে, ফ্যাসিস্ট দলটি অগ্নিসন্ত্রাস ও পেট্রোল সন্ত্রাসের রাজনীতি করে। জাতীয় নির্বাচনে কোনো প্রাণহানি না ঘটলেও তারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে সারা দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে।”
এর আগে বদলগাছী উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।