কিশোরগঞ্জে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (অব.) ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর ঐক্য জোটের কিশোরগঞ্জ জেলা সভাপতি ও অবসরপ্রাপ্ত সিও মো. আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) নজরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন সার্জেন্ট আরিফুল ইসলাম, ফরিদ উদ্দিন, ইদ্রিস আলী, সার্জেন্ট কামরুজ্জামান মিলনসহ অন্যরা।
বক্তারা বলেন, ২১ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অদম্য সাহস ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয়েছিল।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।