নওগাঁ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান (অ্যাকাউন্টিং) বিভাগের অতিথি শিক্ষক (গেস্ট লেকচারার) হিসেবে বিশেষ একটি ক্লাস নিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ ফজলে হুদা বাবুল। মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ ক্লাস অনুষ্ঠিত হয়।
রাজনীতির পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ও শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত ফজলে হুদা বাবুল বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং বর্তমানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়েও অতিথি শিক্ষক হিসেবে পাঠদান করেছেন তিনি।
ক্লাসে করপোরেট অভিজ্ঞতা, হিসাববিজ্ঞান বিষয়ে বাস্তবধর্মী ধারণা এবং পেশাগত দক্ষতা অর্জনের নানা দিক তুলে ধরেন তিনি। তাঁর উপস্থাপনা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
ক্লাস শেষে শিক্ষার্থী মরিয়ম বলেন, “হিসাববিজ্ঞান বিষয়টি অনেক সময় কঠিন মনে হলেও স্যার অত্যন্ত সহজ ও সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। এটি আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য দারুণ দিকনির্দেশনা হয়ে থাকবে।”
আরেক শিক্ষার্থী ফাতেমা সরকার বলেন, “আজ তিনি এমপি বা রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবে আমাদের সামনে এসেছিলেন। তাঁর সাবলীল উপস্থাপনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি।”
শিক্ষার্থী নাসির আশরাফ বলেন, “তিনি শুধু হিসাববিজ্ঞান নয়, চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি এবং পেশাগত উৎকর্ষ অর্জনের বিষয়েও মূল্যবান পরামর্শ দিয়েছেন।”
শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়ার বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফজলে হুদা বাবুলকে কোনো সংসদ সদস্য বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, বরং একজন দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং আর্থিক ব্যবস্থাপনা খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে অতিথি শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও পেশাগত দিকনির্দেশনা দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের গেস্ট লেকচার শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।