জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবার্তা সংযোজনের দাবিতে নওগাঁয় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে নওগাঁ শহরের উকিলপাড়ায় ন্যাশনাল মডেল স্কুল সংলগ্ন মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে সিটিজেন নেটওয়ার্ক, সাপ্তাহিক প্রজন্মের আলো ও প্রজন্মের মেলা।
প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক সহিদ প্রামানিক। বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, সহকারী অধ্যাপক এস এম মোস্তাক আহাম্মেদ ও সিনিয়র শিক্ষক মঞ্জুর এলাহী।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। দেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম (লবণ) ও অস্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত ও মোড়কাবদ্ধ খাবারের অতিরিক্ত গ্রহণ এসব রোগের অন্যতম ঝুঁকি বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, Front-of-Pack Labeling (FOPL) বা খাদ্যের মোড়কের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল থাকলে ভোক্তারা সহজেই অস্বাস্থ্যকর খাবার শনাক্ত করে স্বাস্থ্যসম্মত খাবার বেছে নিতে পারবেন। পাশাপাশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও তুলনামূলকভাবে স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে উৎসাহিত হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (WHO) বিভিন্ন আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থা এ ধরনের লেবেলিংকে জনস্বাস্থ্য সুরক্ষার কার্যকর ও প্রমাণভিত্তিক ব্যবস্থা হিসেবে সুপারিশ করেছে বলেও বক্তারা উল্লেখ করেন।
কর্মসূচি থেকে দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে ন্যাশনাল মডেল স্কুলের মো. আহসান হাবিব, মো. রায়হান বাবু, রুবিনা ইয়াসমিন, ফারহানা আক্তার, শাহেদ হাসেম, সবুজ হোসেন, প্রসঞ্জিত সাহা, মোয়াজ্জেম হোসেন, আবু বক্কর সিদ্দিক, সোহাগ হোসেন, ডি এম কুদ্দুস, কাশেম, ফয়নূর খাতুন, মারুফ হোসেন, আজাদুল ইসলাম, আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়সহ শিক্ষক, অভিভাবক, এনজিও কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।