কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল জানান, যশোদল এলাকায় গোপন বৈঠক করার সময় আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় ২০২৪ সালের ২১ নভেম্বর আনোয়ার কামালকে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকার তার নিজস্ব মৎস্য খামার থেকে র্যাব গ্রেপ্তার করেছিল। পরে বেশ কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে আনোয়ার কামালসহ পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।