কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুসাইবা উপজেলার আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে। আর আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক হোসেনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আদিবা তার মামাতো বোন নুসাইবাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পানিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।