ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কৃষি উপকরণ দেওয়া হচ্ছে।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কৃষি উপকরণ কেনাবেচার নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক দরিদ্র কৃষকের জমির পরিমাণ কম হওয়ায় তাঁদের অল্প পরিমাণ সার প্রয়োজন হয়। কিন্তু বাজারে পাঁচ বা ১০ কেজির মতো কম পরিমাণে সার কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে পাঁচ, ১০ ও ১৫ কেজিসহ বিভিন্ন পরিমাণে সার বিক্রির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।