কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শনিবার ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী ২৫ হাজার ৮৬৪ জন শিশুকে খাওয়ানো শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৪৪ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসূল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২২ হাজার ৯২০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসূল উপজেলার প্রতিটি স্হায়ী, অস্হায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রে খাওয়ানো শুরু হয়েছে।
আরো জানা যায়, স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত ১৭০টি কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন সফল করতে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডের ১৬৮টি সাব ব্লকে ২১জন প্রথম সারির সুপারভাইজার ও ৭জন দ্বিতীয় সারির সুপারভাইজারের মাধ্যমে ৩৩৮ জন টিকাদানকারী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি বাস্তবায়িত হচ্ছে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা রোগ থেকে রক্ষা পায় তা নয়, আরো অনেক উপকার হয়। এ প্লাস ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও অন্যান্য সংক্রামক রোগে ঘন ঘন আক্রান্ত হওয়া রোধ করে, যা শিশুকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে।