কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, অটোরিকশা, মোটরবাইক, ভ্যানগাড়িসহ তিন চাকার ছোট যানবাহন। এসব যানবাহনের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বাড়ছে নিহতের সংখ্যা।
শনিবার (৩০ জুুলাই) তাড়াইল উপজেলার বিভিন্ন সড়কে এসব যানবাহনের দৌরাত্ম্য দেখা গেছে। তাড়াইল টু নান্দাইল, তাড়াইল টু নীলগঞ্জ ও তাড়াইল টু কেন্দুয়া সড়কে চলছে কয়েক হাজার অটোরিকশা, রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, মাহিন্দ্রা, টেম্পোসহ তিন চাকার হুইলার গাড়ি। এসব গাড়ির চালকরা সড়কে গাড়ি চালানোর কোনো নিয়ম কানন সম্পর্কে ধারণা নেই। এছাড়া দুই তৃতীয়াংশ মোটরবাইক চালকদের কোন ড্রাইভিং লাইসেন্স নেই।
এক শ্রেণির চালকরা অধিকাংশ সময় থাকেন মাদকাসক্ত। অবৈধ যানবাহনে সড়ক প্রায় সময় থাকে দখলে। এতে ঘটছে প্রাণহানীসহ বড় ধরণের দুর্ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএনজি অটোরিকশা ও ব্যাটারি রিকশা চালক বলেন, থানা পুলিশকে ম্যানেজ করেই সড়কে গাড়ি চালানোর আমাদের অনুমতি রয়েছে।
জানা যায়, অটোরিকশা, সিএনজি ও মাহিন্দ্রাসহ বেশ কিছু গাড়ি থেকে নিয়মিত মাসোহারা নিয়ে থাকে থানা পুলিশ। এতে বিভিন্ন সময়ে বড় বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে এই সড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের। উপজেলার সচেতন মহল বলেন, ব্যাটারি রিকশা, সিএনজি অটোরিকশার জন্য সড়কে পায়ে হাটা কঠিন। এসব গাড়ির চালকদের কোনো কান্ডজ্ঞান নেই। সড়কের যেখানে সেখানে দাঁড়িয়ে যায়। হঠাৎ করেই ইউটার্ন নিয়ে বসে। এসব কারণে দুর্ঘটনা বেশি হয়।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, সড়কে ব্যাটারি রিকশা, প্যাডেল রিকশা, সিএনজি অটোরিকশা, ভ্যানগাড়িসহ তিন চাকার ছোট অবৈধ যানবাহন চলাচল না করার নির্দেশনা রয়েছে। তিনি এবিষয় আরো বলেন, সড়কে সিএনজি অটোরিকশা ও লাইসেন্সবিহীন মোটরবাইক এগুলোর ব্যাপারে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বলেন, অবৈধ কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। অতিদ্রুত অবৈধ যানবাহন বন্ধে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হবে।