বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলমান অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশের তল্লাশির অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা ।
জানা যায়, গত শনিবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার ঢেকিয়া গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন (৩৬) এবং বরশিকুরা গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন মিয়াকে (৩৪) গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
.
হোসেনপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম শফিকুল হক জানান, বিএনপির চলমান কর্মসূচিকে নস্যাৎ করতে পুলিশ পরিকল্পিতভাবে তার নিজ বাড়িসহ রমজানে বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের বাড়ি ঘরে তল্লাশি করছেন। ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করায় অনেকেই বর্তমানে বাড়ি ছাড়া রয়েছেন।
.
এ ব্যাপারে উপজেলা বিএনপি’র আহ্বায়ক শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল, এ.আই.খান শিবলু জানান, পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির বাড়ি বাড়ি তল্লাশি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছেন। তারা ওই দুই ত্যাগী নেতার মুক্তি দাবি করেন ও গ্রেফতারের তীব্র নিন্দা জানান।
.
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা হোসেনপুর থানা পুলিশের এস.আই মোঃ আজিজুল হক জানান, পূর্বের একটি ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।