কিশোরগঞ্জের হোসেনপুরের ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসে এনআইডি কার্ড করতে গিয়ে দুই রোহিঙ্গা(মেয়ে ও বাবা) ও প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯জুলাই) বিকেলে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসে উপজেলার পুমদি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধন ও প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য আবেদন করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা ওই আবেদনের তথ্য যাচাইয়ে গরমিল পেয়ে সন্দেহের সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি), উপজেলার পুমদী ইউপি চেয়ারম্যান ও অফিসার ইনচার্জকে খবর দেয়। এরই ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) নাসিতাতুল ইসলামের নির্দেশে পুলিশ তাদের আটক করে থানায় পেরণ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের সদস্য উপজেলার রামপুরের আব্দুল আউয়ালের পুত্র মাহমুদুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লোভে পড়ে তিনি কিশোরগঞ্জের জনৈক আব্দুল আজিজের কাছ থেকে টাকা নিয়ে ওই অবৈধ কাজ করতে এসেছিলেন।
উপজেলার পুমদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম জানান, প্রচারক চক্রের সদস্য মাহমুদুল তার স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট জমা দিয়ে অসৎ উদ্দেশ্যে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার জানান, তাদের আবেদনের প্রেক্ষিতে জম্ম নিবন্ধন অনলাইনে যাচাই-বাছাইকালে বিষয়টি ভুয়া সন্দেহ হলে দ্রুত জিজ্ঞাসা করার জন্য তাদেরকে আটক করি এবং ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরের সঠিককতা প্রমাণ করতে তাকে খরব দেই। তিনি এসে বলেন এসব কাগজপত্রের স্বাক্ষর তার নয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু বলেন,খবর পেয়ে দ্রুত নির্বাচন অফিসে ছুটে আসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দুই রোহিঙ্গার আসল নাম ঠিকানা শনাক্ত করতে সচেষ্ট রয়েছি।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম জানান, রোহিঙ্গা বিষয়টি রাষ্ট্রীয় ইস্যু বিধায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।