বিপুল উৎসাহ উদ্দীপনায় কাউন্সিলের মাধ্যমে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়াামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও দীর্ঘ ১৫ মাস পরেও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় নেতা কর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ বাড়ছে। ফলে এসব নেতা কর্মীরা চতুর্মুখী কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়ছেন। যার নেতিবাচক প্রভাব পড়বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তাই দলীয শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৃণমূলের নেতাকর্মীরা দলের সংশ্লিষ্ট হাই কমান্ডের সুদৃষ্টি কামনা করেছেন।
সুত্রমতে, সুদীর্ঘ ১৮ বছর পর ২০২২ সালের ২৬ মে জাঁকজমকপূর্ণভাবে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ও আসাদুজ্জামান খাঁন অডিটোরিয়ামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে তখন পদপ্রত্যাশী ত্যাগী ও বিগত সময়ে নির্যাতিত নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ–উদ্দীপনা দেখা দেয়।
কিন্তু স্থানীয় একটি বিশেষ মহলের পৃষ্ঠপোষকতায় সম্মেলনের ১৫ মাসেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় বর্তমানে চতুর্মুখী গ্রুপিংয়ে জড়িয়ে পড়েছেন বেশিরভাগ নেতা-কর্মী। এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যেও হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দলীয় কার্যক্রমেও দেখা দিয়েছে স্থবিরতা। অন্যদিকে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছেন অনেক সিনিয়র নেতাকর্মী। ফলে তারা এখন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হয়েছেন দলীয় বিভিন্ন কর্মকান্ডে। এসব কারণে দলীয় গ্রুপিংয়ে জড়িয়ে কাদা ছোড়া-ছুড়িতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। চলছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠ দখলের লড়াইয়ের মহড়া। সব মিলিয়ে বলা হচ্ছে অভ্যন্তরীন বিভেদের কারণেই উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা বাধাগ্রস্থ হচ্ছে।
.
মূলত উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় পদপ্রত্যাশী ও বঞ্চিত নেতারা একত্র হয়ে একটি কমিটি গঠন করেছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের ত্যাগী, অবহেলিত ও বঞ্চিত নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত ওই কমিটির সদস্যরা ইতিমধ্যে দলীয় সব কর্মকান্ডে সরব হয়ে ওঠেছে। যা বর্তমান পদধারীদের জন্য একটি পেনিক সৃষ্টি করেছে।
.
উল্লেখ্য, গত বছরের ২৬ মে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ওই সম্মেলনে প্রত্যক্ষ ভোটের পর জহিরুল ইসলাম নুরু মিয়া সভাপতি এবং এম এ হালিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সে সময় প্রধান অতিথি সকলের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে জমা দিতে বলে গেলেও তার সফল বাস্তবায়ন হয়নি আজও। সে সময় পদপ্রত্যাশী অনেকেই ভেবেছিলেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। কিন্তু ১৫ দিন তো দূরের কথা, গত ১৫ মাসেও ওই পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি। ফলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দিন দিন গ্রুপিং লবিং বেড়েই চলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: দৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মেজর জেনারেল সৈয়দ সাফায়েত হোসেন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের ভক্তরা চার গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বর্তমানে নির্বাচনী মাঠ দখলে সোচ্চার হয়ে উঠছেন। এতে ওই চার গ্রুপের লোকজন কঠিন সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তাই স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতাকর্মী ও সমর্থকরা মনে করছেন খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তা না হলে দলের শৃঙ্খলাই টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এর ফলে ব্যক্তি স্বার্থে অনেকেই আভ্যন্তরীন রাজনীতিক বিবাদে জড়িয়ে পড়বেন।যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্খিত ফলাফল লাভেও নেতিবাচক প্রভাব পড়বে।
.
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া ও সাধারন সম্পাদক এম এ হালিম জানান, ত্রি-বার্ষিকী সম্মেলনের পর থেকে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মাঝে সাময়িক ক্ষোভ ও মনমালিন্য থাকলেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পুর্ণাঙ্গ কমিটি সাজানো রয়েছে। দলীয় নীতি নির্ধারকদের নির্দেশ পাওয়া মাত্রই আনুষ্ঠানিকভাবে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।