কিশোরগঞ্জের তাড়াইলে ২শ’ পিচ ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, এসআই আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (৩১ অক্টোবর) রাত ১টায় উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রাউতি ইউনিয়নের সুরংগল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।
মঙ্গলবার বেলা ১১টায় তাকে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়। এসআই আশরাফ উজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পুরুড়া বাজারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সংবাদ পেয়ে সোমবার রাত ১টায় ঘটনাস্থলে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন লোক এলোপাতাড়ি দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করি এবং তার পলিপ্যাকে রাখা ২শ’ পিচ ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছে এবং পলাতক আরো ২ জনের নাম ঠিকানা প্রকাশ করেছে।
তিনি আরও জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক)/৪১ ধারায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।