কিশোরগঞ্জের তাড়াইলে ছাগল নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ছাগলটির বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা।
বুধবার (১ নভেম্বর) বিকেলে তাদের জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে সাগর মিয়া (২০), কুতুব উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২১), টামনী নয়াপাড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মনির মিয়া (২৫)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। বরুহা গ্রামের কাঞ্চন মিয়ার রাম ছাগলটি বাড়ির সামনের সড়কে বাঁশের সঙ্গে বাঁধা ছিল। ছাগলটিকে তিন ব্যক্তি অটোরিক্সায় তুলে নেয়ার সময় এলাকাবাসীর চোখে পড়ে। এসময় তারা তিন ব্যক্তি ও অটোরিক্সটি আটক করে থানায় খবর পাঠায়। খবর পেয়ে তাড়াইল থানার এসআই আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জনতার হাতে আটক তিন ব্যক্তি, ছাগল ও অটোরিক্সাটিকে থানায় নিয়ে আসেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, আটক তিন জনের বিরুদ্ধে থানায় মামলা রুজুু করার পর বুধবার কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ছাগলটিকে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিক্সাটি থানা হেফাজতে রয়েছে।