সরজমিন বুধবার (১৫ নভেম্বর) দেখা যায়, গতকয়েকদিন ধরেই শীত পড়তে শুরু করায় উপজেলার সদর বাজার বড় মসজিদ রোড তুলার দোকান ও লেপ-তোষক তৈরির দোকানগুলোয় ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেই শীতের জন্য লেপ, তোষক ও বালিশ তৈরি করছেন।
ব্যস্ত সময় পার করছেন কারিগররা:
লেপ-তোষকের কারিগর উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মুহাম্মাদ আলী ও রোকন মিয়া জানান, বছরের বেশিরভাগ সময়ই আমাদের অলস সময় কাটাতে হয়। অনেকটা বসে বসে থাকতে হয়। কিন্তু শীতের ২-৩ মাস আমাদের সিজিন। যার কারণে এই সময়ে আমাদের কাজের ব্যস্ততা বেশিই থাকে। ইতোমধ্যেই গত কয়েকদিন ধরে তাড়াইল উপজেলার সর্বত্রই শীত পড়তে শুরু করেছে। যার কারণে আমাদের মৌসুম শুরু হয়ে গেছে। এতে করে আমাদের লেপ-তোষক তৈরির কাজের চাপ যেমন বেড়েছে তেমনি আমাদের ব্যস্ততাও বেড়েছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করে ক্রেতাদের চাহিদা মতো লেপ-তোষক তৈরি করে আমাদের এসব ডেলিভারি দিতে হচ্ছে। তারা আরো বলেন, তোষক মজুরী ১৫০ টাকা, লেপ ১৫০ টাকা, জাঝিম ৩০০ টাকা। দুজন কারিগর ৩০ মিনিট সময়ের মধ্যেই একটি করে ভালো মানের তোষক, লেপ ও জাঝিম তৈরি করে ডেলিভারি দেওয়া যায়। একেকজন কারিগর প্রতিদিন ৬-৭ টি করে লেপ বানাচ্ছি তাতে করে আমাদের প্রতিদিন ১ হাজার থেকে ১২শ’ টাকার মতো হাজিরা পাচ্ছি। তবে আশা করছি সামনে শীতের তীব্রতা আরও বাড়লে লেপ-তোষকের চাহিদা যেমন বাড়বে তেমনি আমাদের কাজের চাপও বাড়বে আর কাজের চাপ বাড়লে মজুরিও বাড়বে।
.
ক্রেতা আছমা বেগম ও আকতার হোসেন জানান, এবারে কিছুটা আগে ভাগেই শীত পড়তে শুরু করেছে। তাই লেপ-তোষক তৈরি করতে বাজারে এসেছেন। এছাড়াও মেয়ের বিয়ে দিয়েছেন। তাই মেয়ে-জামাইয়ের জন্যও লেপ-তোষক ও বালিশ দিতে হবে। সেজন্য বাজারে কিনতে এসেছি। তবে তুলার দাম খানিকটা বেশি চাচ্ছে দোকানিরা। যে তুলা ৬০ টাকা কেজি বিক্রি করেছে সেই তুলা এখন ৯০ থেকে ১০০ টাকা চাচ্ছে। তাই তুলাসহ অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ার কারণে লেপ-তোষকের দাম খানিকটা বেশিই মনে হচ্ছে, তবে গতবার দাম কম ছিল। রিকশাচালক জামাল উদ্দীন বলেন, কয়েকদিন হলো শীত পড়েছে। কিন্তু বাড়িতে শীতের লেপ নেই যার কারণে কষ্ট ভোগ করতে হচ্ছে। তাই বাজারে এসেছি তুলা কিনতে, তুলা কিনে বাড়ি নিয়ে গিয়ে লেপ বানাবো। তবে গতবারের চেয়ে এবার তুলার দাম অনেকটাই বেশি।
.
তুলার দোকানে ভিড়:
তাড়াইল সদর বাজারের তুলার দোকানি তাজুল ইসলাম ও আবদুল হাই বলেন, বছরের মধ্যে শীতের দুই থেকে তিনমাস আমাদের সিজিন। এই সময়ে লেপ তোষক বিক্রিও যেমন বাড়ে তেমনি কারিগররা ব্যস্ত সময় পার করেন। কিন্তু বাকি ৮/৯ মাস অনেকটা অলস সময় পার করতে হয়। গতকয়েকদিন থেকে আমাদের এলাকায় শীত পড়েছে। ফলে লেপ তোষক বিক্রি শুরু হয়ে গেছে। শীতের তীব্রতা বাড়লে এসব পণ্যের চাহিদা খানিকটা বাড়তে পারে।