কিশোরগঞ্জে মহাসড়কের মোড়ে মোড়ে বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ সমাবেশ ও পাহাড়া বসিয়েছে তৃণমূল আওয়ামী লীগ। আর এই তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জ সদরের বিন্নাটি ইউনিয়নের বিন্নাটি মোড়ে কিশোরগঞ্জ, ভৈরব-ময়মনসিংহ মহাসড়কে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এসময় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, আজকে ৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এজন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। বিএনপির অবৈধ অবরোধ জনগণ মানে না। এটা গরীব মারার অবরোধ। বাংলাদেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে। উন্নয়নের রোল মডেল হিসেবে আজকে সারা বিশ্বে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, সকল কিছুর অবস্থা স্থীতিশীল। এ অবস্থায় সরকার বার বার বলছে সাংবিধানিক পদ্ধতিতে একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কিন্তু বিএনপি-জামাত আজকে নির্বাচনে না এসে সারা বাংলাদেশে তারা জ্বালাও পুরাও এর পথে গিয়েছে এবং সরকারি সম্পদ ধ্বংস করা, মানুষকে পুড়িয়ে হত্যা করা এবং অবরোধ দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়ার জন্য তারা এই কর্মসূচী দিয়েছে। এই কর্মসূচীর সাথে জনগণ কখনও সাথে ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও সাথে থাকবে না।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, বিন্নাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বজলুর রহমান, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মুনসুর আলী’সহ শত শত যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগের নেতাকর্মীরা সমাবেশ ও অবস্থান কর্মসূচীতে এসময় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ইতিপূর্বে কিশোরগঞ্জ সদরের বড়পুল পাসপোর্ট অফিসের সামনে কিশোরগঞ্জ, ভৈরব-ময়মনসিংহ মহাসড়কে, করিমগঞ্জ-কিশোরগঞ্জ মহাসড়কেও শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।