কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে ভোটের মাঠে শক্ত অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এডিসি, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাঁচি প্রতীকের নাসিমুল হক।
সরেজমিনে দুই উপজেলার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবার জাতীয় পার্টির প্রার্থী জাপা মহাসচিব লাঙ্গল প্রতীকের প্রার্থী মুজিবুল হক চুন্নু ও কাঁচি প্রতীকের প্রার্থী নাসিমুল হকের মাঝেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। এ আসনের ১৮ টি ইউনিয়নের বেশির ভাগ নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা রয়েছেন নাসিমুল হকের সঙ্গে। শেষ সময়ে ব্যাপক গণসংযোগ করছেন নাসিমুল হক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাড়াইল-করিমগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়াচ্ছেন তিনি। যেখানেই নাসিমুল হক ছুটে যাচ্ছেন হাজারও মানুষ ভিড় করছেন তাকে দেখার জন্য। এলাকার উন্নয়নের বিষয়ে স্থানীয়রা নানা চাওয়া-পাওয়ার কথা জানাচ্ছেন তাকে। নাসিমুল হক নির্বাচিত হলে তাদের প্রত্যাশা পূরণেরও আশ্বাস দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ভোটাররা সবদিক বিবেচনায় নাসিমুল হককেই এগিয়ে রাখছেন।
তাড়াইল-করিমগঞ্জ দুই উপজেলায় ৪ লাখ ১৩ হাজার ৬৫৩ জন ভোটার রয়েছেন। ভোটারদের মধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ২০০ এবং নারী ভোটার ২ লাখ ১ হাজার ৪৫০ জন। তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
.
এ আসনে করিমগঞ্জ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদকে নৌকার প্রার্থী ঘোষণা দেয় আওয়ামী লীগ। পরে এ আসনটি ছেড়ে দেওয়া হয় জাতীয় পার্টিকে। নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা কাজ করছেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের নাসিমুল হকের সাথে।
.
বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী জানান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ও সমাজ সেবক হিসেবে এলাকায় ভালো গ্রহণযোগ্যতা রয়েছে তার। সকল শ্রেণি-পেশার মানুষের বিপদে-আপদে পাশে থাকেন তিনি। এলাকার সব বয়সী ভোটারের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। বিশেষ করে নতুন ভোটারদের আইকন তিনি। দলমত নির্বিশেষ সবাই স্বতন্ত্র প্রার্থী নাসিমুল হককেই চাইছেন। নাসিমুল হক সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের আশা পূরণ হবে। তাই ৭ তারিখে কাঁচি প্রতীকে ভোট দিতে সবাই উন্মুখ হয়ে আছেন।
.
স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এডিসি, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাঁচি প্রতীকের নাসিমুল হক বলেন, নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা দিয়েছেন। ইশতেহারের এক নম্বরে আছে দ্রব্যের দাম কমানো। যারা সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়, সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। ইশতেহারের ২ নম্বরে আছে কর্মসংস্থান। আগামী ৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে সরকার। এই ১ কোটির মধ্যে নিশ্চই তাড়াইল-করিমগঞ্জের অনেকের কর্মসংস্থান হবে।
.
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাড়াইল-করিমগঞ্জ সংসদীয় আসনে রয়েছেন ৭ জন প্রার্থী। জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি (লাঙ্গল), এনপিপি প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম (আম), ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী ওমর ফারুক (মিনার), এবং চার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঞা (কেটলি), যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি) ও মো. রুবেল মিয়া (ট্রাক)।