কিশোরগঞ্জের হোসেনপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা মামলার মূল আসামী মো. দুলাল মিয়া (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. দুলাল মিয়া উপজেলার জিনারী গ্রামের মৃত মইছ উদ্দিনের ছেলে।
বুধবার (৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার রঙ্গিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, জিনারী গ্রামের রহিদ মিয়ার স্ত্রী রহিমা খাতুন (৪২) হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মো. দুলাল মিয়া পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান পাশ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় নিশ্চিত হয় পুলিশ। পরে গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার আদালতে বিরাচাধীন রয়েছে।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।