কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহোদর ভাইয়ের হামলায় মহিলাসহ দুইজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৫ মে) সন্ধ্যায় আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামে।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে গত বুধবার সন্ধ্যায় দুই সহোদর হামলা চালিয়ে আধকানি গ্রামের ওমান প্রবাসী ইসলাম উদ্দীন (৩২) ও তার স্ত্রী সালমা আক্তার (২১)কে আহত করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত নির্যাতিত সালমা আক্তার বাদি হয়ে তিনজনকে আসামী করে বৃহস্পতিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হামলাকারীদের মধ্যে ইমাম উদ্দীনকে গ্রেফতার করেছে।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই আব্দুস শহীদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজারভূক্ত ইমাম উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।