কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ভুট্টাখেতে ৪টি গরু ছেড়ে ভুট্টা খাওয়ানোর প্রতিবাদ করায় কৃষকের পুরো ভুট্টাখেত ও খেতের পাশের ১০ টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ এ একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩০১।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার উত্তর ধুলিহর গ্রামের কৃষক খাইরুল ইসলাম পাশ্ববর্তী সাহেবেরচর গ্রামে অবস্থিত তার একটি খেতে ভুট্টা চাষ করেন। গত ১৯ জুলাই বুধবারে ওই গ্রামের কামরুল ৪টি গরু দিয়ে খেতে ভুট্টা খাওয়ালে প্রতিবাদ করেন খাইরুল ইসলাম। এতে কামরুল উত্তেজিত হয়ে তাকে মারধর করে। পরে, তার পুরো ভুট্টাখেত ও খেতের পাশের ১০ টি কলাগাছ কেটে দেয়। এ ঘটনায় তার ডাকচিৎকারে লোকজন আসিয়া তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
কৃষক খাইরুল ইসলাম জানান,তার ভুট্টাখেতে ৪ টি গরু ভুট্টা খেলে তিনি প্রতিবাদ করেন। পরে কয়েকজন তার উপর আক্রমন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।এ ঘটনায় ভয়ে আছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত কামরুলের সাথে ফোনে যোগাযোগের চেস্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হককে তদন্ত রিপোর্ট পাঠানোর দায়িত্ব দিয়েছে আদালত৷ তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তদন্ত করে সঠিক রিপোর্টই পাঠানো হবে।