কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের সদ্য অপসারণ হওয়া চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীনকে স্বপদে পূণর্বহালের দাবি জানিয়ে পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীর কাছে লিখিত আবেদন জমা দেয়া হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ডের ছাত্রজনতার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনটি জমা দিয়েছেন সাবেক সেনা সদস্য রহিছ উদ্দিন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধি সদ্য অপসারণ হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীনকে স্বপদে পূণর্বহালের দাবি জানানো হয়।গত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীকে পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হন।
লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে ১৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে আমাদের অপসারণ করা হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত ও অমানবিক। আর এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। জনপ্রতিনিধিদের অপসারণের ফলে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় জনগণ কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত হচ্ছে। সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে।সরকারের সেবা প্রত্যন্ত পর্যায়ে পৌঁছে দেওয়া এবং স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে জনপ্রতিনিধিদের অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের কোনো বিকল্প নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, সদ্য অপসারণ হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীনকে স্বপদে পূণর্বহালের দাবি জানিয়ে আমার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেয়া হয়েছে। আবেদনটি আমি জেলা প্রশাসক বরাবর পৌঁছে দেব।