কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার-পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা এক দফা এক দাবি প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ অতিদ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মবিরতি ও কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মবিরতি ও কর্মসূচী পালন করা হয়। কর্মসূচিতে উপজেলা পরিবার-পরিকল্পনা পরিদর্শক মোস্তাফা আলমগীর মানিক, তৌফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জাকারিয়া, হুমায়ুন কবির লিয়ন, মোশাররফ হুসেন, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরোজা বেগম, শিউলি আক্তার, হুসনে আরা পুতুল, ফারজানা ইয়াসমিন সহ মাঠ পর্যায়ের সকল পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেয়।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ বিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এরই জেরে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার দাবি করে তারা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে সেই নিয়োগবিধি থেকে বঞ্চিত। যে পদে চাকরি শুরু সেই পদে থেকেই অবসর গ্রহণ করতে হয়। বৈষম্যহীন বর্তমান বাংলাদেশে এ যেন বৈষম্যের চরম নজির। তাই আমাদের নিয়োগবিধি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এই বৈষম্য নিরসন করা হোক।