কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনার সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা জালাল উদ্দীন। এছাড়াও মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ৯ মাসের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। এরই অংশ হিসেবে বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের সুপরিকল্পিতভাবে হত্যা করেন। এর দুই দিন পর ১৬ ডিসেম্বর বিজয় আসে।
তারা আরও বলেন, বুদ্ধিজীবীর কোনো দল নেই, গণমানুষ তার দল। মানুষের অধিকারের কথাই তার একমাত্র স্লোগান। ক্ষমতাকে প্রশ্ন করাই তার কাজ। আধুনিক রাষ্ট্রের প্রধান কাজ হওয়া উচিত বুদ্ধিজীবীর বলার জায়গা তৈরি করা। তার বাকস্বাধীনতা নিশ্চিত করা। তর্কের জায়গা তৈরি করা। আমাদের রাষ্ট্র সবচেয়ে বেশি ব্যর্থ এ জায়গাতেই। জাতির সংকটে-দেশপ্রেমের প্রশ্নে বুদ্ধিজীবীরা কতটা ভূমিকা রাখতে পারে, তার উদাহরণ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা।