কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দীন (৫১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মধ্য সাটিয়াদী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার ফরিদ উদ্দীন মধ্য সাটিয়াদী গ্রামের বাসিন্দা এবং মো. জুবায়েদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় চলতি বছরের ৬ সেপ্টেম্বর নজরুল ইসলাম নামের এক বিএনপি কর্মী বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে ফরিদ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তে ফরিদ উদ্দীনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।