কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) তিন মাস ২৭ দিন পর আবারও খোলা হয়েছে। এতে বিপুল অঙ্কের দান পাওয়া গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। দিনভর গণনা শেষে রাতে মোট ৩৫টি বস্তায় ভরা টাকাগুলো হিসাব করে পাওয়া যায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এ ছাড়াও দানবাক্স থেকে স্বর্ণ, রূপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ দানের টাকার হিসাব নিশ্চিত করেন।

টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ মাদরাসার ১১০ জন শিক্ষার্থী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার ২৫০ জন ছাত্র, মসজিদের ৩৩ জন স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটির সদস্যরা। সার্বিক নিরাপত্তা ও তদারকিতে ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
সাধারণত প্রতি তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার সময় কিছুটা বেশি লাগে। দানকৃত গবাদি পশু ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থও মসজিদের হিসাবে জমা রাখা হয়।এর আগে চলতি বছরের ৩০ আগস্ট দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়, যার পরিমাণ ছিল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা।
উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় চার একর জায়গাজুড়ে অবস্থিত পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স। প্রায় আড়াইশ বছর পুরোনো এই মসজিদকে ঘিরে নানা কাহিনী প্রচলিত রয়েছে। সাধারণ মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয় এ কারণেই দেশ-বিদেশের অসংখ্য মানুষ দান ও মানত নিয়ে এখানে আসেন।