জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টির ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ ফলাফল ঘোষণার পর শীর্ষ তিন পদেই এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সর্বশেষ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফলাফল ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ভিপি পদে ২ হাজার ৮১৯ ভোট নিয়ে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের মো. রিয়াজুল ইসলাম। ২ হাজার ৬৯১ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব।
এ ছাড়াও জিএস পদে বিপুল ভোটে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলীম আরিফ। তিনি ২ হাজার ৯৮২ ভোট পেয়েছেন। ১ হাজার ২৫১ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১ হাজার ৭২৯টি।
এজিএস পদে ২ হাজার ৬৪৬ ভোট নিয়ে এগিয়ে রয়েছে ছাত্রশিবির প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৩৬০। তাদের ভোটের ব্যবধান ২৮৬টি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনার তথ্যের মধ্যে গরমিল ধরা পড়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ রাখতে হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর গভীর রাতে আবার গণনা শুরু হয়। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতেই সকাল হয়ে যায়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও আজ বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ২৩টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো ১৬টি কেন্দ্রের ভোট গণনা বাকি।
উল্লেখ্য, দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হলো। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও হয়। জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। আর হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।