কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুলাল মিয়া (৪২) নামে তিন কন্যা সন্তানের জনক এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ধলা ইউনিয়নের আজবপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জাওয়ার বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুলাল মিয়া তার মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, দুলাল মিয়া ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তারা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মাটি বোঝাই ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।