শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্র ও ইরান আবারও মুখোমুখি অবস্থানে, পাল্টাপাল্টি হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরান আবারও মুখোমুখি অবস্থানে, পাল্টাপাল্টি হামলার হুমকি

ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২,৫০০ জনেরও বেশি মানুষকে।

এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেছে ইরান।

যেকোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে “বৈধ লক্ষ্যবস্তু” হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, “কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামি প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে” এবং বিক্ষোভের মুখে তারা “পিছু হটবেন না।”

যুক্তরাষ্ট্রের মদদে ইরানে বিক্ষোভ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিক্ষোভকারীরা “মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে” বলে মন্তব্য করেছেন আলি খামেনি।

ইরানের শতাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

এদিকে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশটিতে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল।

ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক বৈঠকে উপস্থিত ছিলেন, ইসরায়েলের এমন অন্তত তিনটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

তবে ‘সর্বোচ্চ সতর্কতা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সেবিষয়ে সূত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে, গত জুনে এ ধরনের সতর্ক অবস্থান জানানোর পর যুদ্ধ জড়িয়ে পড়েছিল ইসরায়েল ও ইরান।

১২ দিনব্যাপী ওই যুদ্ধ চলে, যাতে উভয়পক্ষ হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হয়। ইসরায়েলের সঙ্গে ওই হামলা যুক্তরাষ্ট্রও অংশ নেয় এবং দেশটির পরমাণুকেন্দ্রে বিমান হামলা চালায়।

এ ঘটনার ছয় মাসের মাথায় ইরানে শতাধিক শহরে গণবিক্ষোভ হতে দেখা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, সরকারি বাহিনীর হামলায় ইতোমধ্যে শত শত বিক্ষোভকারী আহত ও নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে গত কয়েক দিন ধরে লাগাতার হামলার হুমকি দেওয়ার পর শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের বিক্ষোভকারীদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

“ইরান এখন স্বাধীনতা চায়, হয়ত অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পুরোপুরি প্রস্তুত,” সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হলেও ইরানে সরাসরি হস্তক্ষেপের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দিতে দেখা যায়নি ইসরায়েলকে।

যদিও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে দুই চির বৈরী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

গত শুক্রবার প্রকাশিত দ্য ইকোনমিস্টে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরান ইসরায়েলের ওপর হামলা চালালে সেটার ‘পরিণতি হবে ভয়াবহ’।

ইরানে যে গণবিক্ষোভ চলছে, সেটির দিকে নজর রাখছেন বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ইরানে শতাধিত শহরে যে বিক্ষোভ চলছে, তাতে যারা অংশ নিবেন, তাদেরকে “সৃষ্টিকর্তার শত্রু” হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ।

এ ধরনের ‘অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড’ বলে শনিবার জানিয়েছেন তিনি।

সরকার পতনের দাবিতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইরানের বিক্ষোভকারীরা

এমন সতর্কতা ও সরকারের ভয়াবহ দমন-পীড়নকে উপেক্ষা করে শনিবার রাস্তায় নামের ইরানে বিক্ষোভকারীরা।

বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে, যাদের অনেকে হতাহত হয়েছেন।

বিক্ষোভের শুরু যেভাবে

দুই সপ্তাহ আগে ইরানের অর্থনৈতিক সংকট, ডলারের বিপরীতে ইরানি মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি দিয়ে দেশটিতে শান্তিপূর্ণভাবে বিক্ষােভ শুরু হয়েছিলাে।

২০২২ সালে তেহরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে হওয়া বিক্ষোভের পর চলমান আন্দোলনকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে।

ক্রমে সে বিক্ষোভ দেশটির সব প্রদেশে এবং শতাধিক শহরে ছড়িয়ে পড়ে এবং ক্রমে তা সহিংস হয়ে ওঠে।

বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়ায় সেটি সামাল দিতে ইরানের নিরাপত্তা বাহিনীগুলোর রীতিমত বেগ পেতে হচ্ছে বলে জানা যাচ্ছে।

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একাধিক সমন্বিত সতর্কতা জারি করেছে ইরানের সরকার।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ‘সশস্ত্র হামলাকারীদের’ বিরুদ্ধে তারা কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন।

ইরানের কেরমানশাহে রাস্তা অবরোধ করে বিক্ষোভের ছবি

এদিকে, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি দেশটির চলমান বিক্ষোভকে “চমৎকার” বলে বর্ণনা করেছেন।

সাধারণ ইরানিদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

“আমাদের লক্ষ্য এখন আর কেবল রাস্তায় নামা নয়। শহরের কেন্দ্রগুলো দখল করাই এখনকার লক্ষ্য,” সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন রেজা পাহলভি।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বসবাসরত পাহলভিও এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে।

ইরানের বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেইন। গত শনিবার তিনি ‘সহিংস দমন-পীড়নের’ নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেছেন, ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তারা ‘খুবই উদ্বিগ্ন’।

“বিশ্বের সব দেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার জনগণের রয়েছে এবং সরকারের উচিৎ তাদের সেই অধিকার রক্ষা করা,” বলেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস শুক্রবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন।

সেখানে তারা ইরানি কর্তৃপক্ষের প্রতি ‘মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়ার” আহ্বান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com