কিশোরগঞ্জের নিকলী থানা কার্যালয়ে সোমবার দুপুরে ওপেন হাউজ ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদুল ইসলাম তালুকদার, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মুজমদার (মুক্তি) এবং নিকলী সেনাক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। একটি মানবিক ও নিরাপদ সমাজ গঠনে পুলিশের ভূমিকা আরও জোরদার করতে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ জনগণকে পাশে চায়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম), উপজেলা জামায়াতের আমির আবুল হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং বন্ধ, রাতের বেলা মোটরসাইকেলচালিত ভবঘুরে যুবকদের আইনের আওতায় আনা, মোবাইল ফোনে জুয়া খেলা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মণ্ডল।