কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। তবে শ্রমিক সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। বেশি মজুরি দিয়েও প্রয়োজনীয় শ্রমিক না পাওয়ায় উদ্বেগ বেড়েছে তাদের মধ্যে।
রোববার (২৬ এপ্রিল) সকালে নিকলী বটতলা মৌসুমি কৃষি শ্রমিক হাটে গিয়ে দেখা যায়, ভোর থেকে শ্রমিকের অপেক্ষায় বসে আছেন অনেক কৃষক। এক সপ্তাহ আগেও যেখানে একজন শ্রমিকের মজুরি ছিল ৭০০ থেকে ৮৫০ টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১,২০০ থেকে ১,৩০০ টাকায়। এরপরও পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না।
প্রতি বছর বোরো মৌসুমে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, বগুড়া, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শ্রমিক নিকলীতে এলেও এ বছর তুলনামূলক সংকট দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ধানের উৎপাদন খরচ বেড়ে গেলেও বাজারে ধানের দাম কম। ফলে শ্রমিকের বাড়তি মজুরি দিয়ে ধান কাটতে গিয়ে লোকসানের আশঙ্কা আরও বেড়েছে।
কারপাশা ইউনিয়ন থেকে আসা কৃষক মাসুক মিয়া বলেন, “বর্তমান অবস্থায় চাষাবাদ করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ধানের দাম যদি না বাড়ে, তাহলে ভবিষ্যতে আর বোরো চাষ করবো না।”
নিকলী সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, তার ৬ একর জমিতে প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমান বাজারদরে সেই খরচ ওঠানোই কঠিন হয়ে পড়বে।
সিংপুর ইউনিয়নের কৃষক জুম্মন মিয়া বলেন, “এক একর জমিতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র ৩০ হাজার টাকার মতো। এতে আমরা দিশেহারা।”
জাফরাবাদ গ্রামের কৃষক আছির উদ্দিন জানান, শ্রমিক সংকটের কারণে এখনো তার জমির ধান কাটতে পারেননি। “ধান পেকে গেছে, কিন্তু শ্রমিক না থাকায় কাটতে পারছি না,” বলেন তিনি।
কৃষকদের অভিযোগ, বর্তমানে বাজারে প্রতি মণ ধান প্রায় ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে উৎপাদন খরচই পড়েছে প্রায় ১,০০০ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভালো হয়েছে এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ধানের কম দাম ও শ্রমিকের উচ্চ মজুরি নিয়ে কৃষকদের মধ্যে হতাশা রয়েছে।
তিনি আরও জানান, এ বছর নিকলী উপজেলায় প্রায় ৩৬ হাজার ৩২৫ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানান, ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা ধান কাটায় আরও চাপ সৃষ্টি করতে পারে।