দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলীর কারপাশা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাইপগানের ছোঁড়াগুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৪ জন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় মজলিশপুর বাজারে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর বাজারে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনির চেম্বারে তিনি ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মজলিশপুর গ্রামের মজলু মিয়া ও একই গ্রামের আক্কাস মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এক শালিশি বৈঠক বসে। বৈঠকে বিষয়টি মিমাংসা না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মজলিশপুর গ্রামের মৃত রইমুদ্দিনের ছেলে কায়েস এবং বিপ্লব ও একই গ্রামের মজলু মিয়ার ছেলে জামান তাদের দলবল সহ দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে মজলিশপুর বাজারে অপরপক্ষের উপর অতর্কিতভাবে গুলি ছোঁড়ে। এছাড়াও রামদা, লাঠি দিয়া এলোপাথারি হামলা চালায়। ঘটনাস্থলে ছোঁড়ারা গুলির আঘাতে আহত হয় মজলিশপুর গ্রামের ফকির বাড়ীর কডু ফকিরের ছেলে দুলাল, মৃত নিদু বেপারীর ছেলে সেলিম, সালামের ছেলে ইকবাল। রামদা কোপে আহত হয় একই গ্রামের চান্দালীর ছেলে ইসলামুদ্দিন।
ঘটনার পরপরই এলাকাবাসী ও স্বজনরা আহতদের নিকলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ছোঁড়া গুলির আঘাতে আহত তিন জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরন করেন। নিকলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত। পুলিশ অবৈধ্য অস্ত্র ও আসামিদের ধরতে এলাকায় সক্রিয় রয়েছে।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শালিশি বৈঠকে দুই পক্ষকে মিটমাট করার চেষ্টা করা হয়েছে। কিন্ত হঠাৎ অতর্কিত এই হামলা দুঃখজনক।