মৌলভীবাজারের কমলগঞ্জে ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) এর মালিকানাধীন মদনমোহনপুর চা বাগানে গত সোমবার ও মঙ্গলবার টানা দুই দিন কর্ম বিরতির পর সমঝোতা বৈঠকের সিদ্ধান্তে অভিযুক্ত কর্মচারীকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত চা বাগান কর্মচারীকে প্রত্যাহারের পর মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মদনমোহনপুর চা বাগানের আন্দোলনরত চা শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। চার দফা দাবিতে উপজেলার মাধবপুর মদনমোহনপুর চা বাগানের ৩০০ চা শ্রমিক সোমবার সকল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেছিল।
বাগান পঞ্চায়েত সভাপতি উমা শঙ্কর কৈরী জানান, চা বাগানের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও মিস্ত্রিদের পদোন্নতি প্রদান করা, বাগানের অস্থায়ী শ্রমিকদের মধ্য থেকে ১০ জন শ্রমিককে স্থায়ী করার দাবি ছিল। তাছাড়া এ চা বাগানের কর্মচারি জয় প্রকাশ কৈরীর যোগসাজশে এ চা বাগানের প্লান্টেশন এলাকা থেকে চা পাতা উত্তোলন করে পার্শ্ববর্তী মাধবপুর চা বাগানে নিয়ে যাওয়ার প্রতিবাদে সোমবার সকাল ৯টা থেকে মদনমোহনপুর চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করছিল।
মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের কর্মবিরতি চলাকালে উত্তেজিত চা শ্রমিকরা চা বাগান ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমসহ আরও একজন সহকারি ব্যবস্থাপককে অফিসে কয়েক ঘন্টা আটকিয়ে রেখেছিল। পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানার পুলিশের একটি দলও মদনমোহনপুর চা বাগানে আসে। বিকাল ৪টায় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক নাহিদ ইসলাম সরেজমিন একটি সমঝোতা বৈঠক করেন। এ বৈঠকে পঞ্চায়েত সভাপতি উমা শঙ্কর গোয়ালা, চা বাগান ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, চা বাগান কর্মচারী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলমসহ চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা সমঝোতা বৈঠকের পর চা বাগান কর্তৃপক্ষ চা বাগানের অভিযুক্ত কর্মচারী জয় প্রকাশ কৈরীকে তাৎক্ষনিক প্রত্যাহার করে নিলে আন্দোলনরত চা শ্রমিকরা কর্ম বিরতি প্রত্যাহার করে বুধবার সকার থেকে কাজে যোগদানের সিদ্ধান্ত নেন।
চা বাগান ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, কর্মবিরতির সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করলে চা শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে।