ভৈরবে তিন নারীসহ মোট চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে ভৈরবের গোছামারা গ্রামের জনৈক আকবর মিয়ার বসতবাড়ি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটকৃতদের হেফাজতে থাকা সাড়ে ৫২কেজি মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করেন র্যাব সদস্যরা। আটকৃতরা হলেন, ভৈরবের কালিপুর গ্রামের আকবর মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (৪০), কুলিয়ারচর থানাধীন চুমুরি কালিরবন গ্রামের মৃত খোকন মিয়ার স্ত্রী মোছাঃ আর্জিনা বেগম ওরফে আরজু (৫০), নরসিংদীর বেলাব থানাধীন নারায়নপুর এলাকার মৃত জলিল মিয়ার স্ত্রী আছিয়া বেগম (৫০) ও ব্রাক্ষ্মণবাড়িয়ার গঙ্গানগর গ্রামের গফুর মিয়ার ছেলে কাদের মিয়া (৪২)।
র্যাব জানায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্তি পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে ভৈরবের গোছামারা গ্রামে জনৈক আকবর মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উল্লেখিত চার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের নিজ হেফাজতে থাকা সাড়ে ৫২কেজি গাজাঁ উদ্ধার করেন র্যাব সদস্যরা। যার আনুমানিক মূল্য ১৮লক্ষাধিক টাকা। এছাড়াও এসময় মাদকদ্রব্য বেচা-কেনার নগদ ৩০হাজার টাকা জব্দ করা হয়।
এঘটনায় উদ্ধারকৃত মাদক ও আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।