ভৈরবে অটো-সিএনজি গ্যারেজের পাহারাদার রাজিব হত্যা মামলার প্রধান আসামী গ্যারেজ মালিক রতন খানকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রতন খানের নিজ বাড়ি পৌর এলাকার চন্ডিবের থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ৩০সেপ্টেম্বর সোমবার গভীর রাতে শহরের কালিপুরে অটোরিক্সা-সিএনজি গ্যারেজে ঢুকে রাজিব (১৮) নামে গ্যারেজের নিরাপত্তাকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও লিঙ্গ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পরদিন শনিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে লাশ প্রেরণ করে ভৈরব থানা পুলিশ। এঘটনায় গত শুক্রবার রাতে নিহতের বড় ভাই সজিব মিয়া বাদী হয়ে গ্যারেজ মালিক রতন খানকে প্রধান আসামীসহ অঞ্জাত আরো ৪/৫জনের নামে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওইদনি রাতেই অভিযুক্ত রতন খানকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।
এবিষয়ে ভৈরব থানার ওসি ( তদন্ত ) বাহালুল খান বাহার জানান, রাজিব হত্যার ঘটনায় নিহতের বড় ভাই সজিব বাদী হয়ে গ্যারেজের মালিক রতন খানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেছে। মামলার প্রধান অভিযুক্ত রতন খানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি ।