মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষন করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা সালাম মিয়া (৩৬) নামে এক যুবককে শনিবার বিকালে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক সালাম উপজেলার আদমপুর ইউপির উত্তরভাগ গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে। ধর্ষিতা ওই কিশোরী বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
ধর্ষিতা কিশোরীর মা (ছফিনা বেগম) জানান, গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) তার ছোট মেয়ে ও ছেলেকে বাড়ীতে রেখে বড় মেয়ের স্বামীর বাড়িতে যান। শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভোর রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে বের হলে সালাম তার মেয়েকে মুখে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিক্সা করে উত্তরভাগ গ্রামের প্রবাসী কফিল মিয়ার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। পরবর্তীতে তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে সালাম জোরপূর্বক একাধিকবার ধর্ষন করে।
তিনি জানান, শনিবার সকালে তিনি বাড়িতে এসে মেয়েকে না পেয়ে আত্মীয়স্বজনদের অবগত করে খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে ওই দিন বিকাল ৪টায় উত্তরভাগ গ্রামের প্রবাসী কফিল মিয়ার ভাড়াটিয়া বাসার দরজার তালা ভেঙ্গে তার মেয়ের হাত ও মুখ কাপড় দিয়ে বাধাঁ অবস্থায় উদ্ধার করেন। তখন ওই ঘরে থাকা সালাম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করেন। বর্তমানে তার মেয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক সালামকে রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।’