কিশোরগঞ্জ ভৈরবে রোববার (২২ মার্চ) রাতে মারা যাওয়া ইতালি ফেরত আব্দুল খালেক (৬০) করোনাভাইরাস দিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন না। জাতীয় রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করার পর কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
তিনি জানান, জাতীয় রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র থেকে মৃত ব্যক্তির ছাড়াও তার স্ত্রী, পুত্রবধূ ও ভাইয়ের স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই তিনজনেরও কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, ইতালি ফেরত ব্যক্তিকে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির মৃত্যু হৃদরোগজনিত কারণে হতে পারে। এদিকে করোনা সন্দেহে মৃত রোগীর সংস্পর্শে আসার কারণে ভৈরব শহরের লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতাল (প্রা.) ও কমলপুর এলাকার ডক্টরস চেম্বার নামে পরিচিত বেসরকারি সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতাল এই দুইটি বেসরকারি হাসপাতালকে সাময়িকভাবে বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছিল। মৃত ব্যক্তির করোনাভাইরাস নেগেটিভ আসায় এই দুইটি প্রাইভেট হাসপাতালকে তাদের পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে কিশোরগঞ্জে র্যাব ,পুলিশ, পৌর মেয়র, রাজনৈতিক ব্যক্তি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ নিজেদের সমর্থ অনুযায়ী নিয়মিত জনগণের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। পাশাপাশি শহরের বিভিন্ন মোড়ে ওয়াশিং পয়েন্ট স্থাপন, সাবান, হ্যান্ডওয়াশ, সাবানদানি, হ্যান্ড স্যানিটাইজার এবং মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করছেন।