ভৈরবে পৌরসভার ৬শ নিম্ন আয়ের পরিবারের মাঝে বাংরাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকারি এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান মন্ত্রীর দেওয়া চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া, চিনি, সেমাই ও দুধ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ ও সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ-সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া জনগণকে বাড়িতে থাকার আহবান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া প্রার্থনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, আপনারা খাবারের জন্য কেউ মারা যাবেন না। কারো খাবারের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন। তবুও ঘর থেকে কেউ বের হবেন না। আপনারা সবাই ঘরে থাকুন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট থাকুন।