জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ দলটির পাঁচ নেতাকর্মী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন আলী ওরফে উদয় মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব। স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অন্যতম প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ছিলেন কাজী আরেফ।
বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান। তিনি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার কাওরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে মিডিয়া বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ই ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বক্তৃতাকালে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ। এতে আরও নিহত হন কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইয়াকুব আলী, জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল।
ওই হত্যাকাণ্ডের পাঁচ বছর পর ২০০৪ সালের ৩০শে অগাস্ট ১০ জনের ফাঁসি এবং ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন কুষ্টিয়া জেলা জজ। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০০৮ সালের ৫ই আগস্ট হাইকোর্ট নয়জনের ফাঁসির আদেশ বহাল রাখেন, একজনকে খালাস দেন ও ১২ জনের সাজা মওকুফ করেন।
২০১৬ সালে ৮ই জানুয়ারি তিন খুনির ফাঁসি কার্যকর হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয়জনের মধ্যে বর্তমানে চারজন পলাতক রয়েছেন, আর একজন কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন।