কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের উত্তর হাটি নতুন বাজার এলাকায় মঙ্গলবার বিকেলে ভয়াবহ এক অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ৬টি দোকানের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
সিংপুর গ্রামের এলাকাবাসী এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ব্যবসায়ীদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে।
এবিষয়ে সিংপুর ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যবসায়ীদের বরাত দিয়ে ইত্তেফাককে জানান, মঙলবার বিকেল ৪টার দিকে সিংপুর উত্তর হাটি নতুন বাজারে একটি নেট জালের দোকানের গুদাম শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আগুনে আনজু মিয়ার ২টি নেটজালের দোকানের গুদাম , মুক্তারের একটি মুদির দোকান ও দুইটি গরু, খেলন মিয়ার একটি মুদির দোকান ও একটি মালের গুদামঘর, বাচ্চু একটি মুদির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীরা ২৫ লাখ টাকার ক্ষতির কথা দাবি করছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুনছুর আলী আরিফ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।