দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দেখা দিয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নে ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই নেই স্থায়ী প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়া এবং অবসরজনিত কারণে একের পর এক পদ শূন্য হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
একটি বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় প্রধান শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়, পাঠদান তদারকি, দাপ্তরিক কার্যক্রম, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ নানা দায়িত্ব পালন করতে হয় তাকে।
প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে কর্মরত সহকারী শিক্ষকদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে তাদের একদিকে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করতে হচ্ছে, অন্যদিকে বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। এতে তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দায়িত্বরত কয়েকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের দাপ্তরিক কাজে উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। এতে অনেক সময় শ্রেণিকক্ষে পাঠদান করা সম্ভব হয় না। তখন অন্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হয়। তাদের ভাষ্য, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করলেও তারা সহকারী শিক্ষকের বেতন-ভাতাই পাচ্ছেন।
তারা বলেন, ‘একই সঙ্গে পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হোক।’
অভিভাবকদের মতে, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তোলে। দীর্ঘদিন প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে। তাই দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে তাড়াইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক খান বলেন, ‘শিক্ষক সংকটের কারণে পাঠদানে সৃষ্ট সমস্যার বিষয়টি আমরা অবগত আছি। শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত জানানো হচ্ছে। খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’