হাওর-সমতলের বৈচিত্র্যময় জেলা কিশোরগঞ্জে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এ জেলাকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। তাই কিশোরগঞ্জকে পর্যটনবান্ধব জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে জেলা প্রশাসন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসনের পর্যটনকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন।
আলোচনা সভায় সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা হাওরাঞ্চলে পর্যটকদের জন্য উন্নতমানের হোটেল-মোটেল স্থাপন, নিরাপদ নৌযানের ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপনাকেন্দ্রিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পর্যটনভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।