কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রূপালী ফাস্টফুড অ্যান্ড কনফেকশনারি নামের একটি খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রূপালী ফাস্টফুড অ্যান্ড কনফেকশনারি প্রতিষ্ঠানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মানবদেহের জন্য ক্ষতিকর অনুমোদনহীন রং ব্যবহার করে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীদের স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয়ের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল। এছাড়া কটিয়াদী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।