আজব কবিরাজ সবুজ মিয়া। ফুঁ দিলে রোগমুক্তি মিলবে এমন বিশ্বাসী লোকের সংখ্যা এখনও এ দেশে লাখ লাখ। মাইকে ফুঁ দেওয়া এই কবিরাজকে এলাকার সবাই ‘কাঠুরিয়া কবিরাজ’ হিসেবে চেনেন। তার প্রকৃত নাম সবুজ মিয়া। বাড়ি ভালুকা উপজেলার রাজ্য ইউনিয়নের পায়লাবের গ্রামে। সপ্তাহে চারদিন কাঠ কাটেন আর তিন দিন কবিরাজি করেন। তবে চেষ্টা করেও এই কবিরাজের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শনিবার (৯ নভেম্বর) সারাদেশ যখন ‘বুলবুল’ ঘূর্ণিঝড়ের প্রবল আঘাত মোকাবিলা এবং এর গতিবিধি পর্যবেক্ষণে ব্যস্ত, তখন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের এক মাঠে বোতল হাতে জড়ো হয়েছিলেন প্রায় লাখ মানুষ; একটি মাত্র ফুঁ’র আশায়। গ্রামে গ্রামে রটে যাওয়া সর্বরোগের ‘উপশমদাতা’ কথিত এক কবিরাজ ফুঁ দেবেন আর সেই ফুঁ এসে পড়বে তার হাত থাকা বোতলের পানি বা তেলে এবং সেই পানি পান করলে বা তেল মালিশ করলে রোগব্যাধি দূর হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে এসেছিলেন এসব মানুষ। এত লোক জড়ো হওয়ায় সবার মনের আশা পূরণের জন্য সেখানে উপস্থিত কবিরাজ মাইকে ফুঁ দেন। সাধারণ মানুষ সেই ফুঁতে সন্তুষ্ট হয়ে বাড়ি ফেরে! সে সময় সেই ‘কবিরাজের’ সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও সুখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হামিদ টিটুও। হাস্যকর এই ঘটনার পর নানা সমালোচনা হচ্ছে ওই এলাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে।
স্থানীয়রা জানান, শনিবার ভোর থেকেই সেই মাঠে জড়ো হন নারী-পুরুষেরা। তারা তেল ও পানির বোতল নিয়ে অপেক্ষা করতে থাকেন। পরে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও সুখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হামিদ টিটু একই মঞ্চে ‘কবিরাজে’র সঙ্গে ওঠেন। উপস্থিত হাজার-হাজার নারী-পুরুষের উদ্দেশে মাইকে কাঠুরিয়া কবিরাজ বক্তব্য দেন এবং ধৈর্য ধরতে বলেন। কিছুক্ষণ পর তিনি বলেন, ‘আমি মাইকে ফুঁ দেবো। মাইকে আমার ফুঁয়ের আওয়াজ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত তেল-পানির বোতল কাজ করবে। কেউ ধৈর্য হারাবেন না।’ সঙ্গে সঙ্গে উপস্থিত হাজার-হাজার নারী-পুরুষ তেল-পানির বোতল মাথার ওপর তুলে ধরেন। কাঠুরিয়া কবিরাজ মাইকে ফুঁ দেন। ফুঁ দেওয়া শেষ, কিছুক্ষণের মধ্যেই ফাঁকা হয়ে যায় মাঠ।
উল্লেখিত বিষয়ে কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এগুলো সম্পূর্ণ ভুয়া বিষয়। এমন চিকিৎসার বৈজ্ঞানিক বা ইসলামিক কোনও ভিত্তি নেই। আধুনিক যুগে এ ধরনের ঘটনা আশ্চর্যজনক। সহজ-সরল মানুষকে বিপথগামী করা হচ্ছে। পৃষ্ঠপোষকতায় যারা জড়িত তারাসহ এই ভণ্ডকে আইনের আওতায় আনা উচিত।’