উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বর্ণিল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, ক্রীড়া সংগঠক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, ক্রিকেট কোচ কমল ঘোষ, হকি কোচ মো. রিপেল হাসান ও ভারোত্তোলন কোচ মো. আজহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
বক্তারা জেলার ক্রীড়াঙ্গনের সমৃদ্ধ অতীত, বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দিক তুলে ধরে ক্রীড়া উন্নয়নে বাস্তবসম্মত বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সময় খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে একটি প্রাণবন্ত ভলিবল ম্যাচও অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা যোগায়।