রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ব্রিটেনে টিউলিপের টানা তৃতীয় জয়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫০৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

শুক্রবার পাওয়া ফলে দেখা যায়, ২৮ হাজার ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। টিউলিপের নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভের জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।

ব্রিটেনের রয়েল সোসাইটি অব আর্ট‌সের ফেলো টিউলিপ রেজোয়ানা সিদ্দিক ২০১৫ সালে এ আসন থেকে প্রথমবার পার্লামেন্ট সদস্য নির্বা‌চিত হন। ঐ নির্বাচ‌নে ২৩ হাজার ৯৭৭ ভোট পান তিনি। ২০১৭ সালের নির্বাচনে তিনি ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। এবার তৃতীয়বারের মতো জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার নির্বাচনী এলাকার সকল ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ।

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়। লন্ডনে জন্ম নেওয়া এই ব্রিটিশ বাংলাদেশি ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে রাজনীতিতে যুক্ত হন। এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ ক্যামডেনের কাউন্সিলর ছিলেন। ওই কাউন্সিলে তিনিই প্রথম বাংলাদেশি বং‌শোদ্ভূত নারী কাউন্সিলর।

যুক্তরাজ্যের যে কয়টি আসনের ফল নি‌য়ে ভোটার ও সংবাদমাধ্যমের আগ্রহ থাকে তার মধ্যে অন্যতম লন্ড‌নের হ্যাম‌স্টেড ও কিলবার্ন। ‌নব্বইয়ের দশক থেকেই এটি ব্রিটেনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে। দু’দফায় এমপি নির্বাচিত হবার পর ব্রিটেনের নানা রাজনৈতিক ইস্যুতে পার্লামেন্টের ভেতরে বাইরে রীতিমত ঝড় তুলতে সক্ষম হন টিউলিপ।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে ৭ জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকও লেবার পার্টির হয়ে জয়লাভ করেছেন। নির্বাচনে এবার তৃতীয়বারের মতো জয়লাভ করলেন রূপা হক। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে হ্যাটট্রিক জয়লাভ করেছেন তিনি। এর আগে ২০১৫ সালের নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন তিনি। এরপর ২০১৭ সালেও জয়লাভ করেন

সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী ৬৫০ আসনের মধ্যে ৫০৭ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৬৫ আসন এবং লেবার পার্টি পেয়েছে ১৭৬ আসন। এতে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী জয়লাভ করেছেন।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি এবং জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com