করোনা পরিস্থিতিতে সারাবিশ্ব যখন আতঙ্কে ঠিক তখন কিশোরগঞ্জের হোসেনপুরে গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী শ্রমিক। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ ।
জানাযায়, উপজেলার শাহেদল ইউনিয়নের এসআরডি স্কুলের পেছনে সেভেন স্টার বেকারিতে শ্রমিকের কাজ করতেন কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকার পারভিন আক্তার (১৭) নামের এক কিশোরী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পার বেকারি ফের চালু হয়েছে মর্মে সহকর্মীর ফোন পেয়ে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কাজ করতে আসে মেয়েটি। এসে দেখে সেভেন স্টার বেকারি বন্ধ। সন্ধ্যা হয়ে আসছে, মেয়েটি অসহায়ত্বের সুযোগ নিয়ে সহকর্মী জাহাঙ্গির, তারা মিয়া, জামান ও সুমন তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে উপজেলার জিনারী গ্রামে মনসুর মেম্বারের বাড়ির পেছনে একটি জঙ্গলে নিয়ে সারারাত ওই চারজন পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি মনসুর মেম্বারের নজরে আসলে আপস-মীমাংসার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত আপস-মীমাংসা না হওয়ায় মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার সিদ্বান্ত হয়। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় মেয়েটির কর্মস্থল সেভেন স্টার বেকারির পাশে নিয়ে আসে সহকর্মী চার ধর্ষক। কৌশলে মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় মেয়েটির সাথে তাদের বাক্-বিতন্ডা শুনে পপি Ecatto প্রকল্প (সহযোগীতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও UKAID) এর পুরুষ দলের সদস্যরা তাদের আটক করে হোসেনপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় গ্রেফতার করা হয় তিন ধর্ষককে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় সুমন নামে আরেক ধর্ষক। গ্রেফতারকৃতরা করা হলেন : জাহাঙ্গির, তারা মিয়া ও জামান ।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী জানান, মেয়েটিকে উদ্ধার করে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। আরেকজন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।