কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কওমি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ৮ বছরের এক ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে এর আগেও তিনি মারধর সহ বিভিন্ন অভিযোগের প্রায় ৪/৫ টি ঘটনা ধামাচাপা দেয়।
অভিযোগ সূত্রে ও মাদ্রাসার ছাত্রদের সাথে কথা বলে জানা যায়, কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের খালখাড়া-কোনাপাড়া গ্রামের ‘আত তালিমুন নববী সা. দারুল উলুম মাদ্রাসা’র নূরানী বিভাগের শিক্ষক ক্বারি মোঃ খাইরুল ইসলাম প্রায় তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন ছাত্রকে বেধড়ক মারধর করে। এসব মারধরের ঘটনায় কিছুদিন আগে এক ছাত্রকে মেরে স্থানীয় ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে প্রেরণের ঘটনাও রয়েছে । আর এসব ঘটনার ধামাচাপা দেওয়ার অভিযোগ অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে ।
সর্বশেষ সোমবার (২৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসায় দেরি করে যাওয়ার অপরাধে জাহিদ হাসান (৮) নামে এক ছাত্রকে বেধড়ক মারধরের পর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে, এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
এই বিষয়ে উপজেলার খালখাড়া কোনাপাড়া গ্রামের ওমান প্রবাসী মো. লিটন মিয়ার ছেলে অত্র মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র জাহিদ হাসান (৮) সাংবাদিকদের নিকট বলে, ওই দিন মাদ্রাসায় যেতে একটু দেড়ি হওয়ায় মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক ক্বারী মো.খাইরুল ইসলাম তাকে নির্দয় ভাবে বেত্রাঘাত করে। যার ফলে সে ভীষণ অসুস্থ হয়ে পরে। সে আরো বলে, তার দাঁতে প্রচন্ড ব্যাথা হওয়ায় সে ওই দিন সকালে দাঁত দেখাতে ডাক্তারের নিকট যায়। পরে ডাক্তার তার ১টি দাঁত ফেলে দেয়। তাই তার মাদ্রাসায় যেতে দেরি হয়।
ঘটনার পর থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জনতা ফুড প্রোডাক্টস এর সত্বাধিকারী আলহাজ্ব মো. জসিম উদ্দিন ভূইয়া স্থানীয় প্রভাবশালী একটি মহল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মাদ্রাসার অদুরে বিচারের নামে একটি নাটকীয় শালিস করে ।
এব্যাপারে মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তাকিম বিল্লাহ বলেন, এ মাদ্রাসায় তেমন কিছুই হয়নি।
এব্যাপারে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলেন, এটা তেমন কোন ঘটনা না। তার পরেও অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তবে রেজুলেশন করে বের করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো রেজুলেশন করা হয়নি, তবে পরে রেজুলেশন করা হবে।
এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী ও শিশু জাহিদের চাচাত ভাই মোঃ সৌরভ আহমেদ বলেন, কয়দিন পর পর মাদ্রাসায় একটার পর একটা ঘটনা ঘটবে আর ধামাচাপা দেওয়া হবে এটাতো হতে পারে না। এর সুষ্ঠু বিচার হয়না বলেই বার বার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। আমি এর কঠিন বিচার চাই। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে একাধিকবার ফোন করার হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদের সাথে কথা বললে তিনি বলেন, এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।