কিশোরগঞ্জের হোসেনপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক সবজিন বাগান, বন্যাসহ নানা আপদকালীন সময়ে দেশে সবজি উৎপাদনে কোনো প্রভাব না পড়ে সেই লক্ষ্যে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে প্রতি ইঞ্চি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বসত বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে স্থাপন করা হচ্ছে এই পারিবারিক সবজির বাগান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি বৃষ্টি ও দফায় দফায় বন্যার কারণে কৃষকের আগাম সবজির ক্ষেত নষ্ট হয়ে যায়। সবজি চাষ চলমান রাখার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষকদের ফেলে রাখা বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে পারিবারিক সবজির বাগান তৈরি করতে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে। উপজেলার ৬টি ইউনিয়নে ২শ ২০ জন কৃষকের বাড়িতে এই পারিবারিক সবজির বাগান তৈরির কাজ করতে সার্বক্ষণিক সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তাগণ।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, বর্তমানে উপজেলার কৃষকদের মাঝে পারিবারিক সবজির বাগান জনপ্রিয় হয়ে উঠছে। আমরা প্রতিটি বাগানের জন্য লাল শাক, ডাটা শাক, কলমি শাক, মুলা শাক, পালং শাক, লাউ,শসা, করলা, শিমসহ ১৩ প্রকারের সবজির বীজ বিনামূল্যে সরবরাহ করেছি। আমরা আশা রাখি আগামীতে উপজেলার প্রতিটি বাড়িতেই তৈরি হবে একটি করে পারিবারিক সবজির বাগান।