কিশোরগঞ্জের কুলিয়ারচরে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘরের মাটি উত্তলনকে কেন্দ্র করে ভৈরব উপজেলার আকবরনগর ও কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামবাসীর মধ্যে ৩ ঘন্টার রক্তক্ষয়ী টেটা যুদ্ধ বাঁধে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় বেশকিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং পুলিশ গুলি ও টিয়ারসেল ছুড়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলে।
জানা যায়, কুলিয়ারচর উপজেলায় গৃহ ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর মাটি ভরাটের জন্য, দুই উপজেলার মধ্যবর্তী সরকারি খাস জমির কুলিয়ারচর অংশ থেকে মাটি উত্তলনের সীদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে মাটি উত্তলনের জায়গাটি নিজেদের উপজেলার দাবী করে সেখানে বাঁধা দেন আকবরনগর গ্রামবাসী।
উক্ত দাবির প্রেক্ষিতে আজ রবিবার (৩০ জানুয়ারি) সকালে দুই উপজেলার এসিল্যান্ডের জায়গা পূর্ণনির্ধারণের কথা ছিলো। কিন্তু এর আগেই দুই উপজেলার দুই গ্রামবাসীর এই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। তিনঘণ্টা ব্যাপী রক্তক্ষয়ী এই সংঘর্ষে একপর্যায়ে ভৈরব উপজেলার আকবর নগর গ্রামবাসী কুলিয়ারচর উপজেলার মাদবদী গ্রামে দেশীয় অস্ত্রসহ ঢুকে পড়ে। এসময় তারা মাধবদীর গ্রামের ৭/৮টি ঘর ভাঙচুর ও লুটপাটসহ মাটি উত্তলনের ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস ও লুটপাট করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল ছুড়ে।
পরবর্তীতে উভয়পক্ষের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ভৈরব কুলিয়ারচরের সার্কেল এএসপি রেজওয়ান দিপু, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুল ও ভৈরব কুলিয়ারচর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন।
এই বিষয়ে সার্কেল এএসপির পক্ষে কুলিয়ারচর থানার (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সার্কেল স্যার সহ আমরা উপস্থিত হই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ পাঁচ রাউন্ড গুলি ও টিয়ারসেল ছুড়ি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, প্রধানমন্ত্রীর উপহার ঘরের মাটি উত্তলন ঘিরেই সংঘর্ষের সুত্রপাত। আকবর নগরের জনগণ দাবি করছিলো মাটি উত্তলনের জায়গাটি তাদের সীমানায়। যদিও জায়গাটি কুলিয়ারচরের সীমানায় মেপেই মাটি উত্তলনের সীদ্ধান্ত হয়। এরপরও আকবরনগর গ্রামবাসী দাবির প্রেক্ষিতে আজ দুই উপজেলার এসিল্যান্ডের জায়গাটি পূননির্ধারণের কথা ছিলো। কিন্তু এর আগেই দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।