প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রোববার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের উপসচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত বেতন স্কেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়ায় ইউনিয়নে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-১ আসনে (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) নৌকা প্রতীক পাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দেয়ার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।